আজ আন্তর্জাতিক নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর এই দিনে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমান সমান’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। বিভিন্ন নারী সংগঠনও দিবসটি পালনে কর্মসূচি নিয়েছে।
১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন জার্মান কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সর্বস্তরে নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষনির্বিশেষে সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও দারিদ্র্য বিমোচনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রভাগে স্থান দিয়েছে।
আজকের কর্মসূচি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বিকেল সাড়ে চারটায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সামাজিক প্রতিরোধ কমিটি আজ বিকেল চারটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করেছে। বেলা তিনটায় নারীগ্রন্থ প্রবর্তনায় আলোচনা সভার আয়োজন করেছে অধিকার, নারীগ্রন্থ প্রবর্তনা ও স্বাস্থ্য আন্দোলন। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বিকেল পাঁচটায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘বেঙ্গল শি ফেস্ট ২০১৬’-এর আয়োজন করেছে। জাতীয় প্রেসক্লাব সকাল ১০টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দিনটি উপলক্ষে রাজধানীতে সেমিনার, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ দলিত নারী ফোরাম, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রোটেকশন অ্যালায়েন্স (বিজিডব্লিউপিএ)।