আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোর মুখ দেখছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২০০১ সালে এ প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘ ছয় বছর তা বন্ধ ছিল। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন।২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ১ দশমিক ০৩ একর জমির ওপর এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৩ সালের ১ এপ্রিল ভবনের নির্মাণকাজ শুরু হলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ ভবনের নির্মাণকাজ বন্ধ ছিল। প্রায় ছয় বছর নির্মাণকাজ বন্ধ থাকার পর প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করে কাজ শুরু করা হয়। তিনতলা ভবনের মাধ্যমে কাজ শুরু করবে এ প্রতিষ্ঠান।বিশ্বের সব মাতৃভাষা নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে সেগুলোর উন্নয়ন ও সংরক্ষণ নিয়ে কাজ করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা আজ গর্ববোধ করি এই ভেবে যে শহীদ দিবস তথা ভাষা দিবসের ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি পরিণত হয়েছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে”। আমাদের মহান ভাষা আন্দোলনের যে গভীর তাত্পর্য, তার অনুরণন আজ আমরা সারা বিশ্বে দেখতে পাই “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদ্যাপনের মধ্য দিয়ে।’রাষ্ট্রপতি আরও বলেন, ‘অমর একুশে কেবল আমাদের নিজস্ব ভাষা, সাহিত্য ও ঐতিহ্যের অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করছে না; বরং তা পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে লালন ও সংরক্ষণে উত্সাহ জোগাচ্ছে।’আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবন উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিকে সমুন্নত রাখার লক্ষ্যে ২০০১ সালের মার্চে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিই। কিন্তু বিগত জোট সরকারের আমলে এ প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করে দেওয়া হয়। আমরা গত বছর দায়িত্ব নেওয়ার পর আবারও এ প্রতিষ্ঠানের কাজ শুরু করি এবং আজ এ প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে উত্সর্গ করা এ প্রতিষ্ঠান ভাষা আন্দোলনের অন্যতম স্মারক হিসেবে পরিগণিত হবে।’প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শুধু ভাষাসংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণ নিয়েই কাজ করবে না; এটি ভাষার ক্ষেত্রে আন্তর্জাতিক সেতুবন্ধের কাজ করবে।