আজ আন্তর্জাতিক সিডও দিবস
জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদে ১৯৮৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশ সরকার অনুমোদন করে। কিন্তু বাংলাদেশ সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা এখনো অনুমোদন করেনি।
এ ধরনের বাস্তবতায় আজ মঙ্গলবার বেসরকারি সংগঠনগুলো বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করবে। দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোই হবে দিবসের আনুষ্ঠানিকতার মূল বিষয়।
১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ এ সনদ গ্রহণ করে। ১৯৮০ সালের ১ মার্চ এই সনদে স্বাক্ষর করা হয় এবং ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হয়। এর পাঁচ বছর পর বাংলাদেশ সনদটি অনুমোদন করে। সনদটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ ১৯৯১ সাল থেকে দিবসটি পালন করছে।
সরকার সনদের ২ নম্বর ধারায় সংরক্ষণ বলবৎ রেখেছে। এই ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে রাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। সরকার সনদের ১৬.১(গ) ধারাটির ব্যাপারেও সংরক্ষণ বলবৎ রেখেছে। এ ধারায় বিবাহ করা ও বিবাহবিচ্ছেদের সময় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। এ ছাড়া দেশের ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার যৌথ প্ল্যাটফর্ম সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।