আজ আবার চতুর্থ সাক্ষীর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার চতুর্থ সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ বুধবার আবার জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী জানান, মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সভাপতি ইসমাঈল হোসেন গত বুধবার তাঁর সাক্ষ্যে আদালতকে জানিয়েছিলেন, মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে পোষা জার্মানির কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। পরে কুকুরগুলো জব্দ করে পুলিশ। ওই জব্দ তালিকায় সাক্ষী ছিলেন ইসমাঈল। হিমাদ্রীর সুরতহাল প্রতিবেদনের জব্দ তালিকায়ও সাক্ষী ছিলেন তিনি।
মামলার প্রধান আসামি শাহ সেলিমের আইনজীবী সাক্ষী ইসমাঈলকে গতকাল জেরা করেন। হিমাদ্রী মাদকবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সাক্ষ্য দেওয়া হয়েছে বলে দাবি করেন আইনজীবী। উত্তরে ইসমাঈল বলেন, ‘আমি সত্য সাক্ষ্য দিয়েছি। মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে হত্যা করেন আসামিরা।’
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। হিমাদ্রী ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান৷ ৩ ফেব্রুয়ারি আসামি শাহ সেলিম, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। আসামিদের মধ্যে মাহাবুব ও জুনায়েদ পলাতক রয়েছেন।