আজ আবার ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগানের হেলে পড়া সাততলা ‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের ভবনটির ওপরের ছাদ ভাঙার কাজ প্রায় শেষ করা হয়েছে। ঈদ উপলক্ষে মাঝে বিরতি ছিল। আজ রোববার আবার পুরোদমে ভাঙার কাজ শুরু হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, কাজ দ্রুত শেষ করার জন্য পার্শ্ববর্তী ১৬ তলা নাসির টাওয়ারের একটি ফ্ল্যাটে ৩০ জনের মতো শ্রমিকের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, আজ মূলত ছয়তলা ভাঙার কাজ শুরু হবে। ওই তলাটি ভাঙার পর ভবনটি অনেকটা ঝুঁকিমুক্ত হবে। এরপর অল্প সময়ে বাকি কাজ শেষ করা সম্ভব হবে। গত ৬ নভেম্বর রাতে সাততলা ভবনটি স্তম্ভ ভেঙে একদিকে হেলে পড়ে। হেলে পড়া ভবনের ছাদ থেকে আগেই পাশের ১৬ তলা ভবনের পাঁচতলার সঙ্গে বাঁশের তৈরি মাচা বা সংযোগ সেতু তৈরি করা হয়েছিল। ওই সংযোগ সেতু দিয়ে শ্রমিকদের পাঠানো হয় সাততলায়। রাজউক সূত্র জানায়, গ্র্যান্ডিং মেশিন (ভারী কংক্রিট কাটার মেশিন) দিয়ে খুব সাবধানে ঈদের আগে গত ১৫ নভেম্বর ছাদ ভাঙার কাজ শেষ করা হয়। শ্রমিকদের বেশির ভাগই ফ্ল্যাট মালিকদের নিয়োজিত। ফ্ল্যাট মালিকদের একজন মনিরউদ্দিন জানান, তাঁদের নিয়োজিত শ্রমিক দিয়ে ভাঙার কাজ করায় তাঁরা উপকৃত হচ্ছেন। কারণ, এতে বিভিন্ন ফ্ল্যাটে লাগানো টাইলস, দরজা এবং গোসলখানার সামগ্রী অনেকটা অক্ষত রাখা সম্ভব হচ্ছে। এদিকে রাজউক সূত্র জানায়, ফ্ল্যাট মালিকদের ক্ষতিপূরণ বাবদ আড়াই কোটি টাকা ফেরত দেওয়া হবে—নির্মাতা প্রতিষ্ঠান থেকে তাদের এমন আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ফ্ল্যাট মালিকদের দুই কোটি ১১ লাখ টাকা বকেয়া রয়েছে। ভবন ভাঙার পর রডসহ নির্মাণসামগ্রী বিক্রি করে ৫০ লাখ টাকার মতো পাওয়া যেতে পারে। সব মিলিয়ে পাওয়া যাবে প্রায় কোটি টাকা।