আজ আবার সিলেটে যাচ্ছেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের কয়েকজন কেন্দ্রীয় নেতা আজ সোমবার সিলেটে আসছেন। তাঁরা সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর এটি তাঁর দ্বিতীয় সিলেট সফর। এর আগে তিনি ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে বিমানযোগে সকাল সাড়ে ১০টায় তাঁর সিলেটে পৌঁছার কথা রয়েছে। এরপর সড়কপথে তিনি ওসমানীনগর যাবেন। বেলা ১১টায় উপজেলার গোয়ালাবাজার এলাকায় একটি জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে বেলা আড়াইটায় বিশ্বনাথ উপজেলা সদরে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও জনসভায় যোগ দেবেন। বিকেলে সড়কপথে সিলেটে ফিরবেন। এরপর বেলা সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের সমর্থনে পথসভায় অংশ নেবেন। রাত আটটায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
স্থানীয় নেতারা জানিয়েছেন, কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। জনসভা দুটিতে প্রচুর লোকসমাগম হবে বলেও তাঁরা ধারণা করছেন।