আজ আবুল মনসুর আহমদের ১১৫তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৫তম জন্মবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ ঢাকা ও ময়মনসিংহের ধানীখোলায় তাঁর পৈতৃক বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আবুল মনসুর আহমদ ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। এ ছাড়া কাজ করেছেন কৃষক ও নবযুগ পত্রিকায়। তিনি আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক। শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
আবুল মনসুর আহমদ চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকজুড়ে সব সময় ধর্মনিরপেক্ষতার সপক্ষে প্রচারণা চালিয়েছেন। চল্লিশের দশকের প্রথম থেকেই তিনি ভাষা বিষয়ে লিখে আসছিলেন এবং ইত্তেহাদ-এর সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে তাঁর অবদান রাখেন। তিনি ছিলেন ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ‘একুশ দফার’ রচয়িতা—যে নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
আবুল মনসুর আহমদের রচনা সম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রুপাত্মক গ্রন্থাবলি আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। বিজ্ঞপ্তি।