আজ আবুল মনসুর আহমদের ১১৮তম জন্মবার্ষিকী
বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৮তম জন্মবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্রূপাত্মক রচয়িতা কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেন। তিনি ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ময়মনসিংহ সাহিত্য সংসদের সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’-এর আসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদের তীরে সাহিত্য সংসদ প্রাঙ্গণে ‘আবুল মনসুর আহমদ: প্রয়োজন পুনঃপাঠ’ শীর্ষক এই সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আবুল মনসুর আহমদ সমাজকে বদলাতে চেয়েছিলেন। এই চেতনা থেকেই তিনি রাজনীতিতে জড়িয়েছিলেন। ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি ফরিদ আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান ও সিপিবির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত। উপস্থিত ছিলেন আবুল মনসুর আহমদের ছেলে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও পরিবারের সদস্যরা।
এ ছাড়া আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ‘আবুল মনসুর আহমদের জীবন দর্শন ও শিল্পভাবনা’ শীর্ষক আরেকটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইমরান মাহ্ফুজের সম্পাদনায় জীবনশিল্পী আবুল মনসুর আহমদ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।