আজ আবুল মনসুর আহমদের ৩৬তম মৃত্যুবার্ষিকী

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। এ উপলক্ষে সাহিত্য পত্রিকা কালের ধ্বনি বিকেল পাঁচটায় রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করেছে।
কালের ধ্বনি আবুল মনসুর আহমদের জীবন ও কর্মবিষয়ক ৭৩টি নতুন লেখাসহ ৫৮১ পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা এবারের একুশে বইমেলায় প্রকাশ করেছে। আলোচনা সভায় বিশেষ সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. রফিকুল ইসলাম, আহমেদ রফিক, আসাদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, ড. মিজানুর রহমান, গোলাম কুদ্দুস ও মাহ্ফুজ আনাম। আলোচনা সভা শেষে আবুল মনসুর আহমদের বিদ্রূপাত্মক রচনা গালিভারের সফরনামা অবলম্বনে ভিশন থিয়েটার প্রযোজিত একটি নাটক পরিবেশিত হবে।
আবুল মনসুর আহমদের বিদ্রূপাত্মক রচনার মধ্যে রয়েছে আয়না, আসমানী পর্দা ও ফুড কনফারেন্স। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন।
আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ‘একুশ দফা’র রচয়িতা তিনি। রাজনৈতিক কারণে তাঁকে পঞ্চাশের দশকের শেষ দিকে ও ষাটের দশকের প্রথম দিকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। বিজ্ঞপ্তি।