আজ আসছে বিমানের তৃতীয় বোয়িং 'আকাশ প্রদীপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আজ শুক্রবার থেকে যুক্ত হচ্ছে আরেকটি নতুন প্রজন্মের উড়োজাহাজ (বোয়িং ৭৭৭-৩০০ ইআর)। বিমান কর্তৃপক্ষ মার্কিন বোয়িং কোম্পানি থেকে কেনা এই উড়োজাহাজটি নাম দিয়েছে ‘আকাশ প্রদীপ’।
বিমান কর্তৃপক্ষ জানায়, এই উড়োজাহাজটি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে আজ শুক্রবার বেলা ১২টায় ঢাকায় এসে পৌঁছাবে।
এ নিয়ে বিমান বহরের নতুন বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটি। আগামী মার্চের মাঝামাঝি সময় চতুর্থ বোয়িং উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ বিমান বহরে যুক্ত হবে।
নতুন প্রজন্মের নতুন ১০টি উড়োজাহাজ কেনার জন্য বিমান বাংলাদেশ ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে চুক্তি করে। ওই চুক্তির আওতায় চারটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর, দুটি ৭৩৭-৮০০ ও চারটি বোয়িং-৭৮৭ পিড্রমলাইনার পর্যায়ক্রমে বিমান বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর ২০১১ সালে বিমান বহরে যুক্ত হয়। সেগুলোর নাম রাখা হয়েছে ‘পালকি’ ও ‘অরুণ আলো’। পর্যায়েক্রমে বাকি উড়োজাহাজগুলো ২০১৯ সালের মধ্যে বহরে যুক্ত হবে।
নতুন সংগৃহীত ‘আকাশ প্রদীপ’ বিমান বহরে যোগদান ও পুরাতন উড়োজাহাজ ডিসি-১০-কে বিদায় জানানো উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করা হয়েছে।