আজ আসছে ব্যালট বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ডামাডোলের মধ্যেই চট্টগ্রামে এগিয়ে চলছে দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে কেন্দ্রের তালিকা তৈরি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ, নির্বাচনী কর্মকর্তাদের তালিকা তৈরি এবং নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ চলছে।
নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার ব্যালট বাক্স, সিল ইত্যাদি নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রামে আসার কথা রয়েছে। ঢাকা থেকে আসা ব্যালট বাক্সের নিরাপত্তার জন্য গতকাল বৃহস্পতিবার পুলিশ কমিশনার বরাবর আবেদন জানানো হয়েছে।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা ১৬ আসনের ভোটকেন্দ্রের প্রাথমিক একটি তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছি। অন্যান্য কাজও এগিয়ে চলেছে। নির্বাচনের পূর্ণ প্রস্তুতি চলছে। আজ ব্যালট বাক্সসহ বেশ কিছু নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছাবে।’
জানা গেছে, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের জন্য কোতোয়ালি থানার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানসহ একটি দল ঢাকায় গেছে। শফিকুর রহমান জানান, ‘কমিশনের আদেশে আমরা তিন ট্রাক সরঞ্জাম নিয়ে পুলিশের পাহারায় চট্টগ্রামে আসব।’
সরঞ্জামগুলো নগরের লাভলেইনের নির্বাচন কার্যালয়ের নবনির্মিত সার্বার স্টেশনে রাখা হবে বলে জানা গেছে। ওখানে সার্বক্ষণিক পুলিশি পাহারার জন্য গতকাল পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুর রহমানের বরাবর আবেদন জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘৮ নভেম্বর নির্বাচনী সরঞ্জামের প্রথম কিস্তি এসে পৌঁছাবে। ৮ নভেম্বর থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরঞ্জামের নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা প্রয়োজন।’
এদিকে, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে চট্টগ্রামের ১৬টি আসনের ভোটকেন্দ্রের একটি তালিকা ও হালনাগাদকৃত ভোটার সংখ্যা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নতুন প্রাথমিক তালিকা অনুযায়ী ভোটকেন্দ্র হচ্ছে এক হাজার ৮৪১টি। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ১৪৪ জন। নবম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার এখন পর্যন্ত ভোটার বেড়েছে ছয় লাখ ৯৮ হাজার ৩৮৯ জন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটারসংখ্যা ছিল ৪৩ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হালনাগাদ করা যাবে। ভোটার অনুযায়ী কেন্দ্রের সংখ্যাও আরও বাড়বে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। গত নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে। তাই এবার কেন্দ্র ও কক্ষের সংখ্যাও আগের তুলনায় বাড়বে।’
ভোটকেন্দ্র চূড়ান্তকরণের পর পর নির্বাচনী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু হবে বলে জানা গেছে। ওই তালিকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি ব্যাংক-বিমা কর্মকর্তারাও থাকবেন বলে জানা গেছে।