আজ আসছে শহীদ কাদরীর মরদেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর মরদেহ নিউইয়র্ক থেকে আজ বুধবার ঢাকা পৌঁছাবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে আটটায় কবির মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। সেখান থেকে বারিধারা এলাকায় কবির ভাইয়ের বাসায় নেওয়া হবে কিছু সময়ের জন্য। এরপর বেলা ১১টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হবে।
শহীদ কাদরী গত রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শেষনিশ্বাস ত্যাগ করেন।