আজ আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস জয়শঙ্কর
এস জয়শঙ্কর

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর আজ বুধবার বিকেলে ঢাকায় আসছেন। দুই দিনের সফরের শুরুতে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। কাল বৃহস্পতিবার দুপুরে তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্র বলেছে, ভারতের পররাষ্ট্রসচিবের পূর্বনির্ধারিত এই সফরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গ আলোচনায় গুরুত্ব পাবে।
গত সপ্তাহে ঢাকা সফরের সময় মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। তাঁদের আলোচনায় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং এ দেশে স্থিতিশীলতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
নিশা দেশাই ও হর্ষবর্ধন শ্রিংলার বৈঠকের বিষয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অবহিত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের অগ্রাধিকার প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা বহুমাত্রিক। ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে দুই দেশের সম্পর্ক-সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে।’
গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক হয়। ওই বৈঠকে গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময়ে ঘোষিত যৌথ ঘোষণার অগ্রগতি পর্যালোচনা করা হয়।