আজ ইস্টার সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ এপ্রিল, রোববার। খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র ‘ইস্টার সানডে’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবে।
খ্রিষ্টধর্মের মতে, এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডেতে বিপথগামীরা যিশুকে হত্যা করেছিল। মৃত্যুর পর তৃতীয় দিন রোববার যিশু পুনরুত্থান করেন। তাঁর পুনরুত্থানের এই দিনটি বিশ্বের খ্রিষ্টধর্মানুসারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
দিনটি উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সব খ্রিষ্টধর্মাবলম্বী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি দেশের খ্রিষ্টান ধর্মানুসারীদের দীর্ঘদিনের। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানান।
এ ছাড়া বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পৃথক বিবৃতিতে দিনটি উপলক্ষে খ্রিষ্টান ধর্মানুসারীরাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।