আজ উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক
উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সভাপতিত্বে এই বৈঠকে চার কমিশনার ছাড়াও কমিশন সচিবালয়ের কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্টগার্ড, আনসার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি বুধবার ১০১টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ করা হবে।
এই নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য এসএসসি পরীক্ষার সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার নির্বাচন কমিশনে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, ১৮ ও ২০ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষা যথাক্রমে ১৮ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে। বিদ্যমান সূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা ও খ্রিষ্টধর্ম শিক্ষা এবং ২০ ফেব্রুয়ারি হিসাববিজ্ঞানের পরীক্ষা হওয়ার কথা।
গত মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়, কমিশন দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ১৫ মার্চ, চতুর্থ ধাপে ২৫ মার্চ, পঞ্চম ধাপে ৩১ মার্চ এবং ষষ্ঠ ধাপে ৩ মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করতে চায়।