আজ এক ঘণ্টায় লাগানো হবে আড়াই লাখ গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জের ১৫৩টি রাস্তায় ৪৬০ কিলোমিটার এলাকাজুড়ে আজ বৃহস্পতিবার সকালে এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা লাগানো হবে। উপজেলা প্রশাসনের এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় সকাল সাতটায় এ কর্মসূচি শুরু হবে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ সকাল আটটার মধ্যে ওই ১৫৩টি রাস্তার ধারে গাছের চারা লাগাবেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে সাজ সাজ রব পড়েছে। ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ লেখা তোরণ, ব্যানার ও ফেস্টুন ছেয়ে গেছে বিভিন্ন স্থান। রাস্তায় রাস্তায় বাজছে দেশাত্মবোধক গান। যেসব রাস্তায় গাছ লাগানো হবে, সেগুলোর দুই ধারে রশিতে সাত রঙের কাগজ টাঙানো হয়েছে। ট্রাক, ট্রলি ও রিকশাভ্যানযোগে রাস্তাগুলোয় গাছের চারা নিয়ে যাওয়া হচ্ছে। বিকেলে বিভিন্ন রাস্তার ধারে হাজারো মানুষকে বৃক্ষরোপণের মহড়া দিতে দেখা যায়।
মহড়ায় অংশ নেওয়া বরাতি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হোমায়রা খাতুন বলে, ‘কাল (আজ) ভোরে ঘুম থাকি উঠব। পাসুন, খুন্তি নিয়া রাস্তায় আসব। সবাই মিলে মনের আনন্দে গাছ লাগে বিশ্ব রেকর্ড করব।’
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, এ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ৪৫টি সভা করা হয়েছে। তিন দিন ধরে পুরো উপজেলায় মাইকযোগে প্রচার চালানো হয়েছে। আজ ভোরে উপজেলার প্রতিটি মসজিদ থেকে আবার মাইকযোগে প্রচার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার বাহিনী রাস্তায় থাকবে। চিকিৎসকের চারটি দল এলাকায় ঘুরবে। প্রতি ৫০ জন শিক্ষার্থীকে দেখাশোনার জন্য একজন তত্ত্বাবধায়ক থাকবেন। প্রত্যেক তত্ত্বাবধায়কের কাছে থাকবে বাঁশি ও ড্রাম। সকাল সাতটার সময় তাঁরা বাঁশিতে ফুঁ দিয়ে ড্রাম বাজালে বৃক্ষরোপণের কাজ শুরু হবে। আটটায় বাজলে একইভাবে গাছ রোপণ বন্ধ করা হবে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, সকাল সাতটায় উপজেলা পরিষদের চত্বরে গাছের চারা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।