আজ এক ঘণ্টায় লাগানো হবে সাড়ে সাত লাখ গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলাজুড়ে আজ শনিবার দুপুরে এক ঘণ্টায় সাড়ে সাত লাখ গাছ লাগানো হবে। জেলা প্রশাসনের আহ্বানে স্বতঃস্ফূর্ত এ কর্মসূচি ঘিরে জেলার সর্বত্রই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‘সবুজ চুয়াডাঙ্গা, সমৃদ্ধ চুয়াডাঙ্গা’ প্রতিপাদ্য সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। দুপুর ১২টায় সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এর উদ্বোধন করবেন। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করবেন।

 এরপর জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে, চলবে বেলা একটা পর্যন্ত। লাগানো হবে ৫ লাখ ২৫ হাজার বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং তালের ২ লাখ ২৫ হাজার বীজ। এতে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠন, রাজনীতিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করবে।

এ কর্মসূচিকে ঘিরে সবখানে সাজ সাজ রব। তিন-চার দিন  ধরে সার্কিট হাউস, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মানুষের মাঝে চারা বিতরণ করা হচ্ছে। ট্রাক, ট্রলি, অটোভ্যান ও রিকশাভ্যানযোগে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ‘সবুজ চুয়াডাঙ্গা, সমৃদ্ধ বাংলাদেশ’ ব্যানার প্রদর্শিত হচ্ছে চারদিকে। স্বর্ণালি খাতুন নামের এক স্কুলছাত্রী জানায়, স্কুল থেকে তাকে আমড়া ও পেয়ারা গাছের দুটি চারা দিয়েছে, শনিবার সে নিজ হাতে লাগাবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মোট ভূমির ২৫ শতাংশে বনভূমি থাকার কথা থাকলেও এ জেলায় রয়েছে মাত্র ১৫ শতাংশ। যে কারণে এ জেলায় আবহাওয়া চরমভাবাপন্ন। গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আবার-শীতকালে চার-পাঁচ ডিগ্রিতে নেমে আসে। বিষয়টি মাথায় রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি। কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা, মাইকিংসহ প্রচারণা চালানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।