আজ একাডেমিতে ফিরছেন মেরিন ফিশারিজ ক্যাডেটরা
তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর মেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) আজ মঙ্গলবার খুলছে। শিক্ষার্থীদের (ক্যাডেট) একাডেমিতে যোগদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।দেশের সমুদ্রসীমার বাইরে চলাচলকারী জাহাজে চাকরি করার সরকারি সনদ—সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) পাওয়ার দাবিতে গত জুনে আন্দোলনে নামেন এবং ক্লাস বর্জন শুরু করেন ক্যাডেটরা। এ কারণে ১৪ জুন একাডেমি বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন কর্তৃপক্ষ আন্দোলনকারী ক্যাডেটদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয়।কয়েকজন ক্যাডেট প্রথম আলোকে বলেন, তাঁদের আজ একাডেমিতে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ২১ সেপ্টেম্বর একাডেমি থেকে ক্যাডেটদের কাছে চিঠি পাঠানো হয়। ক্যাডেটদের স্থায়ী ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, আজ দুপুর ১২টার মধ্যে ক্যাডেটদের একাডেমিতে যোগদান করতে হবে।ক্যাডেটদের অভিযোগ, তাঁদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়েই একাডেমি খোলা হচ্ছে। তাঁরা বলেন, মন্ত্রণালয় থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে তাঁরা আজ একাডেমিতে যোগ দেবেন। একাডেমির শিক্ষা কার্যক্রম চালু হলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে ক্যাডেটদের আশ্বাস দিয়েছিল।মেরিন ফিশারিজ একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হক চৌধুরী টেলিফোনে গতকাল প্রথম আলোকে বলেন, একাডেমির শিক্ষা কার্যক্রম প্রায় তিন মাস ধরে বন্ধ আছে। বুধবার থেকে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্যাডেটদের দাবি-দাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।২০০৯ সালের ৯ নভেম্বর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়া বন্ধ করে দেয় সমুদ্র পরিবহন অধিদপ্তর। তবে বেসরকারি প্রশিক্ষণকেন্দ্রের স্বল্পকালীন কোর্স করা ক্যাডেটদের তা দেওয়া হচ্ছে।