আজ এবং কাল ঢাকা ও গাজীপুরে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০ হাজার শিক্ষার্থীকে সারা দেশে সংবর্ধনা দিচ্ছে প্রথম আলো। সহযোগিতা করছে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। এই আয়োজন শেষ হচ্ছে ঢাকা ও গাজীপুরের শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার নন্দন পার্কে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। দুই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ১৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে।

নিবন্ধনের সময় যারা সংবর্ধনার বাসে যাবে বলে উল্লেখ করেছিল, তাদের চলে আসতে হবে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। অনুষ্ঠানের নির্ধারিত বাস ছাড়বে সকাল সাড়ে ছয়টা থেকে। তবে কেউ ইচ্ছে করলে নিজ দায়িত্বে নন্দন পার্কে যেতে ও ফিরতে পারবে। নন্দন পার্কে প্রবেশের সময় এবং বাসে ওঠার ক্ষেত্রে নিবন্ধনের সময় দেওয়া নন্দন পার্কের টিকিট এবং নিবন্ধনপত্রের দুটি অংশ অবশ্যই নিয়ে আসতে হবে।

দুই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, সংসদ সদস্য তারানা হালিম, পরিবেশবিষয়ক আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, অভিনেতা জাহিদ হাসান, শিল্পী কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, দিনাত জাহান, ন্যান্সি, কিশোর, কোনাল, আতিক, পুলক, শুভ, ব্যান্ড দল মাইলস ও প্রমিথিউস, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, ফুটবলার আমিনুল হক, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন, যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।