আজ এসএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে এক ছাত্রী। বাইরে অভিভাবকেরা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। ছবিটি বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক থেকে তোলা। ছবি: সোয়েল রানা
পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে এক ছাত্রী। বাইরে অভিভাবকেরা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। ছবিটি বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। মাদ্রাসা বোর্ডের দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ২১২ জন। প্রথম দিনে আজ এসএসসিতে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, ১০ বোর্ডের অধীনে দুই বছর আগে ১৮ লাখ ৯৩ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করলেও নিয়মিত এসব শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন। অর্থাৎ নিবন্ধিত ২ লাখ ৮৬ হাজার ৮২৯ জন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলে দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
এবার প্রশ্নপত্রে এমসিকিউ অংশের ১০ নম্বর কমিয়ে সৃজনশীলে ১০ নম্বর বাড়ানো হয়েছে। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হলে সেখানে এমসিকিউ অংশের নম্বর হবে ৩০ এবং সৃজনশীল অংশের নম্বর হবে ৭০।
সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা আগামী ২ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে আজ সকাল ১০টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে যাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, মন্ত্রী এ সময় কেবল সংশ্লিষ্ট দুই-একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন।