আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ১৯৬৯ সালের এই দিনে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের জন্য তৎকালীন পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়।
১৯৬৬ সালে পাকিস্তানের শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতে স্বাধিকার আন্দোলনের গতি আরও তীব্র হয়ে ওঠে। পাকিস্তানি শাসকেরা আন্দোলনের এ দুর্বার গতিকে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধুকে বন্দী করে। এ মামলার বিরুদ্ধে সারা দেশে ছাত্র-শ্রমিক-জনতা দুর্বার ও স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তোলে। মামলার প্রধান আসামি বঙ্গবন্ধুসহ অন্য আসামিদের মুক্তি এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি কারফিউ ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান। জনতার রুদ্ররোষ এবং গণ-অভ্যুত্থানের জোয়ারে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। পতন ঘটে আইয়ুবের স্বৈরতন্ত্রের। অপশাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে তাই উনসত্তরের গণ-অভ্যুত্থান আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।
ঐতিহাসিক এই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘এই গণ-অভ্যুত্থানের পথ ধরে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।’ তিনি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে উনসত্তরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। অপশাসন ও শোষণের বিরুদ্ধে উনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।’