আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ জানুয়ারি, বাংলাদেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক দিন। দিনটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে আছে। ১৯৬৯ সালের এই দিনে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের কারণে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে। বাধ্য হয় ওই মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঔপনিবেশিক পাকিস্তানি শাসন, শোষণ, বৈষম্য ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। এতে স্বাধিকার আন্দোলনের গতি আরও তীব্র হয়ে ওঠে। বাঙালির এ দুর্বার আন্দোলনকে দমন করতে পাকিস্তানি শাসকেরা আগরতলা ষড়যন্ত্র মামলা করে। বন্দী করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে। প্রধান আসামি বঙ্গবন্ধুসহ অন্য আসামিদের মুক্তি এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে সারা দেশে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। মাঠে নামে রাজনীতিক, ছাত্র-শিক্ষক-জনতা। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি কারফিউ ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করলে পুলিশের গুলিতে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান। জনতার আন্দোলনে পতন ঘটে আইয়ুবের স্বৈরতন্ত্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি স্বৈরশাসক। সেই থেকে শোষণের বিরুদ্ধে উনসত্তরের গণ-অভ্যুত্থান আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।