আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন আজ ১৭ এপ্রিল, যা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পরিচিত। ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন।
১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। অস্থায়ী সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। পরে এই বৈদ্যনাথতলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
বাসস জানায়, আজ শুক্রবার মেহেরপুরের মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে। সকাল আটটায় সেখানে মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে নয়টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ঢাকা শহর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা, প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলোতে জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আজ ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ও রাজশাহীতে শহীদ জাতীয় নেতাদের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।