আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। হাজার হাজার মানুষের সামনে পাঠ করা হয়েছিল স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওই সরকারের রাষ্ট্রপতি করা হয়। তিনি পাকিস্তানে কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে দেওয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব। সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় শপথ নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দীন আহমদ। ওই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী হিসেবে এ এইচ এম কামরুজ্জামান, আইন ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খোন্দকার মোশতাক আহমদ শপথ নেন। এ ছাড়া জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়।ইউসুফ আলী পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার নাম দেন মুজিবনগর।আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার মেহেরপুর জেলা শিশু একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধারা এক সংবাদ সম্মেলনে মুজিবনগর দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তালুকদার মোহাম্মদ জাহাঙ্গীর মুজিবনগরে দ্বিতীয় সংসদ ভবন স্থাপনসহ এখানে বছরে অন্তত একবার মন্ত্রিপরিষদের সভা করার দাবি জানান।দিবসটি উপলক্ষে আজ শনিবার মুজিবনগরে স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের সাংসদ ও দলীয় নেতারা উপস্থিত থাকবেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া ১২ আনসারের মধ্যে জীবিত চার আনসার তাঁদের গার্ড অব অনার দেবেন। এ উপলক্ষে মেলারও আয়োজন করা হয়েছে।