আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তখনকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) নিভৃত এক আম্রকাননে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে গঠিত হয় প্রবাসী বিপ্লবী সরকার।বৈদ্যনাথতলা নামে পরিচিত ওই বিশাল আমবাগান এলাকাকেই পরে ‘মুজিবনগর’ নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল। তিন সপ্তাহ আগে স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশকে দখলদার পাকিস্তানি বাহিনীমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরে উপস্থিত থেকে নানা কর্মসূচিতে অংশ নেবেন। একাত্তরের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের পাশাপাশি স্বাধীনতার ঘোষণাপত্রও পাঠ করা হয়। মুজিবনগরে গঠিত সরকারের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।