আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। ১৭ এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অস্থায়ী সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।মুজিবনগর দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনাসহ সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের সহায়তা, যুদ্ধবিধ্বস্ত জনগণের পাশে দাঁড়ানোসহ সার্বিক কাজে মুজিবনগর সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে সাম্প্র্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।আওয়ামী লীগের কর্মসূচি: মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা ও মুজিবনগরে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। আজ ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ও রাজশাহীতে শহীদ জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া মুজিবনগরে ভোর ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে ১১টায় মুজিবনগর দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা অনুষ্ঠিত হবে।