আজ ও কাল অবরোধ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার স্থগিত করা হয়েছে। তবে রোববার থেকে অবরোধ অব্যাহত থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
অবরোধে গত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রলবোমায় সিরাজগঞ্জে একটি এক্সপ্রেস ট্রেনের এক সহকারী চালক ও নোয়াখালীর সেনবাগে এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন। নির্বাচনের আগের রাতে অবরোধকারীদের আগুনে দগ্ধ ফেনীর অটোরিকশাচালক সাহাবউদ্দিন (২৮) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ-দোয়ানি রাস্তার বেলতলিতে আলুবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে অবরোধে রাজধানীর জনজীবন ছিল প্রায় পুরোনো চেহারায়।
হরতাল ও অবরোধ-সমর্থকদের দেওয়া আগুনে দগ্ধ অটোরিকশাচালক সাহাবউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছয় দিন চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ফেনী সদরের গোবিন্দপুর ইউনিয়নের নতুনবাজার এলাকায়।
সাহাবউদ্দিনের ছোট ভাই নুরুল আবছার প্রথম আলোকে জানান, নির্বাচনের আগের দিন বেলা ১১টায় সাহাবউদ্দিন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। ফেনী সদরের সেন্টার স্কুলের সামনে দুর্বৃত্তরা অটোরিকশাটি থামায়। যাত্রীদের নামার সুযোগ দিলেও তারা সাহাবউদ্দিনকে নামতে দেয়নি। তাঁকে চালকের আসনে বসিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নুরুল আবছার আরও জানান, রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে সাহাবউদ্দিনের শিশুকন্যা দুই বছর বয়সেই পিতৃহারা হলো। পুলিশ জানায়, আগুনে সাহাবউদ্দিনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের সদস্যরা লাশ ফেনীতে নিয়ে গেছেন।
নোয়াখালীর সেনবাগের সেবারহাট পশ্চিম বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রলবোমার আগুনে সাহাবউদ্দিন (৪২) নামের এক ট্রাকচালক দগ্ধ হন। বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ট্রাকচালককে উদ্ধার করে সেবারহাট ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাবার নাম তোফায়েল আহমঞ্চদ, গ্রামের বাড়ি ভোলা। একই রাতে সেবারহাট, ভূঁইয়ারদীঘি ও ছমিরমুন্সীরহাট এলাকাসহ ফেনী-নোয়াখালী মহাসড়কের বিভিন্ন স্থানে মালবাহী ট্রাক, পিকআপ ভ্যানসহ অন্তত ১৫-২০টি গাড়ি ভাঙচুর করেন অবরোধকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত একটার দিকে চট্টগ্রাম থেকে চৌমুহনী অভিমুখী একটি মালবাহী ট্রাক সেবারহাট পশ্চিম বাজারে দাঁড় করানো মাত্র একদল দুর্বৃত্ত ট্রাকের চালকের আসন লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। একই সঙ্গে আগুনে ট্রাকচালকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
পেট্রলবোমায় পুড়েছেন রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক মাহাবুবুর রহমান (৩৮)। জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল স্টেশনের কাছে এলে ডান দিক থেকে একটি পেট্রলবোমা ট্রেনের ভেতরে এসে পড়ে। এই আগুন পুরো ট্রেনে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় তিনি জ্বলন্ত বোমাটি ধরে বাইরে ছুড়ে ফেলে দেন। এ সময় তাঁর দুই হাত পুড়ে গায়ে আগুন ধরে যায়। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায়। তাঁকে রাজশাহী রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ-দোয়ানি রাস্তার বেলতলিতে ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। থানার পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায়।
অবরোধে ভাঙচুর, আগুন ও অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল বাগেরহাট জেলার মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে দুষ্কৃতকারীদের আগুনে একটি মন্দির পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।