আজ ওরিয়েন্টেশন ক্লাস, হলে সিট না পেয়ে বিপাকে দূরের ছাত্রীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলে থাকার ব্যবস্থা না করেই ‘ফি’ আদায় এবং আকস্মিক হলের বাইরে থাকার পরামর্শে বিপাকে পড়েছেন ছাত্রীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রীদের অভিভাবকেরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী ওরিয়েন্টেশন ক্লাসের আগের দিন সব ছাত্রীকে (যাঁরা হলে থাকবেন) নিজ নিজ সিটে উঠতে বলা হয়। কিন্তু কোনো ছাত্রী এবং তাঁদের অভিভাবককে ছাত্রীহলের সিটের সীমাবদ্ধতার কথা বলা হয়নি।
সূত্র জানায়, গতকাল সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রীদের নিয়ে তাঁদের অভিভাবকেরা ক্যাম্পাসে আসেন এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছাত্রীহলে যান। সেখানে গিয়ে জানতে পারেন ছাত্রীহলে এমনিতেই গাদাগাদি অবস্থা। নতুন ছাত্রীদের থাকার মতো কোনো জায়গা নেই।
অভিভাবকেরা হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় সন্তানদের আপাতত শহরের কোথায়ও মেস ভাড়া করে দিতে। সিট খালি হলে পর্যায়ক্রমে নতুনদের জায়গা করে দেওয়া হবে। হঠাৎ কর্তৃপক্ষ এমন কথা বলায় বিপাকে পড়েন অভিভাবকেরা।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভর্তির সময় হলে থাকার নির্ধারিত ফি নেওয়া হয়। আমরা দূরদূরান্ত থেকে এসেছি, নিজেরা সন্তানদের হলে তুলে দেব। কিন্তু এখন যা বলা হচ্ছে তা রীতিমতো প্রতারণা।’
ছাত্রীহলের প্রভোস্ট মো. রাকেব-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তিনটি ব্যাচের ছাত্রীদের পরীক্ষা শেষ না হওয়ায় এবার একটু বেশি সমস্যা দেখা দিয়েছে। তবে যারা এসেছে, তাদের অনেককে অন্য ছাত্রীদের সঙ্গে শেয়ার করে থাকতে দেওয়া হয়েছে এবং বাকিদের আপাতত বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।’
কিন্তু হলের সমস্যার কথা আগে বলা হয়নি কেন—এমন প্রশ্নে প্রভোস্ট বলেন, ‘আমরা কোনো ছাত্রীকে বলিনি তাদের হলে সিট দেওয়া হবে। তবে ধারণা ছিল, ক্লাস শুরুর আগে ছাত্রীদের থাকার একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এ বিষয়ে কাল (আজ) বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, ‘নতুন শিক্ষাবর্ষে প্রায় ৩০০ ছাত্রী ভর্তি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা করে ছাত্রীদের সমস্যা দূর করতে।’
রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক ছাত্রীদের কাছ থেকে ভর্তির সময় ফি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সিট খালি হলে পর্যায়ক্রমে সব ছাত্রীকে হলে থাকার সুযোগ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।