আজ ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। ২০০৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। মরহুম আবদুল কাদের মিয়া ও মরহুমা ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামেই সমধিক পরিচিত ছিলেন।১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সমঞ্চান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে তৃতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। ১৯৬৭ সালে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণী দিয়েছেন।মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জের ফতেপুর গ্রামে আজ কবর জিয়ারত, দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এ ছাড়া রংপুরে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বাসস।