আজ কবি আবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী
বাংলা ভাষায় চল্লিশের দশকের খ্যাতিমান কবি আবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুন। গত বছরের ২৯ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আবুল হোসেনের জন্ম ১৯২২ সালের ১৫ আগস্ট।
আবুল হোসেনকে অনেকেই বাংলা কবিতার আধুনিক ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশের যে কয়েকজন কবি ও সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংস্পর্শ পেয়েছিলেন, তিনি তাঁদের একজন।
গত শতকের ত্রিশের দশকে অবিভক্ত ভারতে কবি আবুল হোসেনের লেখালেখির শুরু। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র পরিষদের সম্পাদক ছিলেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যকরী পরিষদ, পাকিস্তান রাইটার্স গিল্ডের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং রবীন্দ্র চর্চাকেন্দ্রের সভাপতি ছিলেন তিনি।
কবি আবুল হোসেনের গ্রন্থসংখ্যা ২৫টি। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নববসন্ত, বিরস সংলাপ, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে, এখনও সময় আছে, রাজকাহিনী। ইকবালের কবিতা বাংলায় অনুবাদ করেছেন তিনি। বিবিধ গদ্য শিরোনামে প্রবন্ধগ্রন্থ, অরণ্যের ডাক শিরোনামে অনুবাদ উপন্যাস এবং আমার এই ভুবনও আর এক ভুবন শিরোনামে স্মৃতিকথাও রয়েছে তাঁর।
সাহিত্যে বিশেষ অবদান রাখায় আবুল হোসেন ১৯৬৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৮০ সালে একুশে পদক পান। এ ছাড়া জাতীয় কবিতা পুরস্কার, নাসিরুদ্দীন স্বর্ণপদক, পদাবলি পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ পুরস্কার ও স্বর্ণপদক, আবুল হাসানাৎ সাহিত্য পুরস্কার, জনবার্তা স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার, জনকণ্ঠ গুণীজন সম্মাননা ও জাতীয় জাদুঘরের সংবর্ধনাসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন বিশিষ্ট এই কবি। বিজ্ঞপ্তি।