আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী

আজ ২১ জুন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে মাত্র ৩৪ বছর বয়সে তিনি মারা যান। সত্তরের দশকের অন্যতম প্রতিনিধি রুদ্র কবিতাপাঠকের কাছে পরিচিত তারুণ্য ও দ্রোহের প্রতীক হিসেবে।
দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালী আজ কবির গ্রামের বাড়ি মিঠেখালীতে বিকেলে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। সন্ধ্যায় সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও ‘রুদ্রসংগীত’ পরিবেশিত হবে।
অকালপ্রয়াত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তাঁর কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। মুক্তিযুদ্ধের চেতনাঋদ্ধ পঙ্ক্তি ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’-এর পাশাপাশি উচ্চারণ করেছেন প্রতিবাদী জীবনবোধ থেকে উৎসারিত ‘ভুল মানুষের কাছে নতজানু নই’।
স্বল্পায়ু জীবনে রুদ্র সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং তুমুল জনপ্রিয় হওয়া ‘ভালো আছি ভালো থেকো’সহ ৫০টির বেশি গান রচনা ও তাতে সুরারোপ করেছেন।