পবিত্র হজ, তাবলিগ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থগিত করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গত দুই দিনে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের আমিরের সঙ্গে দেখা করে এই অনুরোধ জানান। কর্মসূচি পালন না করার জন্য হেফাজতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হকও।
গতকাল বৃহস্পতিবার হেফাজতের আমিরের পক্ষে তাঁর প্রেস সচিব মাওলানা মুনির আহমদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ ইসমাঈল হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেন। তাঁরা লতিফ সিদ্দিকীকে নিয়ে মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ করেন। এ সময় হেফাজতের আমির তাঁদের কাছে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল সকালে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার হাফিজ আক্তারের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও হাটহাজারী থানার ওসি হেফাজতের আমিরের সঙ্গে বৈঠক করেন। তাঁরাও আজকের কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন। একই সময় পুলিশের আইজিপিও টেলিফোনে তাঁকে কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেন। হেফাজতের আমির পুলিশ কর্মকর্তাদের কাছে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাস দেন।
হেফাজতের আমিরকে কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করার বিষয়ে জানতে চাইলে আইজিপি শহীদুল হক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পবিত্র রোজার মাসে রাজপথে কর্মসূচি পালন করলে মানুষের ভোগান্তি হবে। মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য হেফাজতের আমিরকে আজকের কর্মসূচি প্রত্যাহার করতে বলেছেন তিনি।
আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে মুক্তি দেওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আজ শুক্রবার জুমার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডেকেছেন। একই সঙ্গে লতিফ সিদ্দীকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করেছেন তিনি।