আজ কসবা সীমান্ত হাটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। জঙ্গলাকীর্ণ ও টিলাময় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী স্থানটিতে লোকজনের আনাগোনা ছিল না বললেই চলে। কিন্তু সীমান্ত হাটকে কেন্দ্র করে সেখানে এখন মানুষের কোলাহল। সেখানে গড়ে উঠেছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট।
সেই হাট আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভারতের সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে উদ্বোধন করবেন শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার বসবে প্রথম হাট।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারত সরকারের অনুরোধে ২০১৩ সালে কসবায় একটি সীমান্ত হাট নির্মাণে সম্মত হয় বাংলাদেশ। সেই হিসেবে সীমান্তের ২০৩৯ পিলারের কাছে কসবা পৌর এলাকার রেলস্টেশন-সংলগ্ন এবং ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় এই হাট নির্মাণ করা হয়। ১ একর ৫০ শতক জমির ওপর নির্মিত হাটের জন্য দুটি দেশ সমপরিমাণ জমি দেয়। এতে অর্থায়ন করে ভারত সরকার। ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে এই হাটের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
হাটে দুই দেশের ২৫টি করে ৫০টি দোকান বসবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাট চলবে। হাটে একসঙ্গে ১৫০ জন করে দুই দেশের ৩০০ ক্রেতা কেনাকাটা করতে পারবেন। সীমান্ত হাটে ভারত ও বাংলাদেশের দুই দিকে দুটি গেট থাকছে।
হাটে যাওয়ার জন্য কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ফরম সংগ্রহ করছেন শত শত লোক। ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত-সংলগ্ন ওই এলাকার লোকজন এখানে প্রতি বৃহস্পতিবার নিত্যপণ্য বেচাকেনা করবেন। পাশাপাশি নিয়মিত দেখা হবে দেশভাগের ফলে সীমান্তের দুই পারে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে।