চট্টগ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি সংহতি জানাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালনের পর বিকেলে গণজাগরণ মঞ্চে কাল বৃষ্টি উপেক্ষা করে আসা নর-নারী জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমবেত হওয়া গণজাগরণ মঞ্চ থেকে আজ সোমবারের হরতালে সকাল ১০টা থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ ছাড়া আজ সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘ঢাকার কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার (আজ) আমরা কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করব। সেই সঙ্গে বিভিন্ন দোকানপাট, বাসাবাড়িতে কালো পতাকা উত্তোলনের আহ্বান জানাচ্ছি।’বৃষ্টির কারণে গণজাগরণ মঞ্চে গতকাল বিকেলে উপস্থিতি কম থাকলেও সন্ধ্যা থেকে লোকজনের ভিড় বাড়তে থাকে। এ সময় সমবেত জনতা রাজীব হত্যার বিচার দাবি করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয়। ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব জামালখানে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই, জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিকেলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হলে উদীচীর গণসংগীতের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়। এর পর কখনো গান ও কখনো স্লোগানে মুখর ছিল চট্টগ্রামের জামালখানের প্রেসক্লাব চত্বর। এদিকে সকালে শাহবাগের ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর মাধ্যমে তারা শাহবাগের গণ-আন্দোলনের প্রতি সংহতি জানায়। নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ জেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালিত হয়েছে। এর পর শহীদ মিনারে জাগরণের গান পরিবেশিত হয়। বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক কমিটি ও সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। রাঙামাটি: সকাল ১০টায় রাঙামাটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা দেশের এ কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন শিক্ষকেরা। এ সময় একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।