
কিশোর আলোর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার আয়োজন করা হয়েছে ‘কিআনন্দ’ উৎসবের। কিশোর আলোর বর্ষপূর্তির আনন্দটা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেই এ আয়োজন। প্রতিবছরের মতো এবারও কিশোর-কিশোরীদের আনন্দ দিতে নানা বর্ণিল আয়োজন থাকছে আজ। সকাল আটটায় কিআনন্দের উদ্বোধন করবেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সংগীতশিল্পী তাহসান।
এরপর দিনব্যাপী এ উৎসবে থাকবে কার্টুন, কমিকস প্রদর্শনী, বিজ্ঞানের বিভিন্ন মজার খেলা, অ্যাডভেঞ্চার, বিট বক্সিং, অরিগ্যামি, জাদু, খেলাধুলা, কম্পিউটার গেম, শখের দুনিয়া, সাইকেল স্টান্টসহ আরও অনেক কিছুই। পাঠকদের নানা প্রশ্নের মুখোমুখি হবেন জনপ্রিয় লেখক আহসান হাবীব, শাহরিয়ার, তানজিনা হোসেন, আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগরসহ অনেকে।
বিনা মূল্যে ক্যারিকেচার নিয়ে থাকবেন একদল কার্টুনিস্ট। কাগজের নানা খেলা নিয়ে থাকবে অরিগ্যামি দল। তাদের সঙ্গে বসে বানাতে পারবে হাতি, ঘোড়া, বিমানসহ নানা কিছু। মুসা ইব্রাহীম থাকবেন এক বিশাল কৃত্রিম পাহাড় নিয়ে। চাইলে যে কেউ সেটায় চড়ে বসতে পারবে।
সংগীতশিল্পী মিনার, সন্ধি-স্বাগতা-সভ্যতা থাকছেন তাঁদের গান নিয়ে। আর দিন শেষে থাকছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা। এ ছাড়া থাকবেন তোমার প্রিয় খেলোয়াড়, শিল্পী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী এ উত্সবটি উন্মুক্ত থাকবে সবার জন্য। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা চলবে এ উৎসব। আর নানা প্রতিযোগিতার জন্য থাকবে আকর্ষণীয় উপহার। কিআর টি-শার্ট, মগ, রিস্টব্যান্ডও সংগ্রহ করা যাবে চাইলে।
তাই দেরি না করে চলে এসো। কিআনন্দে তোমাকে স্বাগতম।