আজ কী করা যাবে, কী করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি। সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সর্বস্তরের ভোটাররা যেন ভোট দিতে পারেন, সে জন্যই এ ব্যবস্থা।
তবে করপোরেশন এলাকায় কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন। এ ছাড়া আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ থাকবে।
যদি এখন পর্যন্ত নিজের ভোটকেন্দ্র বা ভোটার ক্রমিক নম্বর না পেয়ে থাকেন তাহলে মুঠোফোনে খুদে বার্তা দিয়ে জেনে নিতে পারেন। ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।
যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাঁদের মুঠোফোনের অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্মসাল লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি, তাঁদের মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরম্যাটে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে বলা হয়েছে।
খুদে বার্তা ছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ডব্লিউডব্লিউডব্লিউ ইসি গভ বিডি) ভিজিট করে ভোটকেন্দ্রের নাম জানা যাবে। এ ছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। ভোট দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাঁরাও ভোট দিতে পারবেন।
শহর আজ থাকতে পারে রিকশার দখলে। গতকাল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নগরবাসী চাইলে রিকশায় করে কাছে-পিঠে ঘুরতে যেতে পারেন। তবে শহরের বিপণিবিতানগুলো বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। বন্ধ থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত শিশুপার্কটিও। তবে চিড়িয়াখানা খোলা থাকবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তা গোলাম আযম।
তবে যান চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল করা হবে। তা ছাড়া নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনের বৈধ পরিদর্শকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ আদেশের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিযুক্ত যানবাহন।
জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে। রাজধানীর ভেতর গাবতলী থেকে ফার্মগেট হয়ে শাহবাগ, দৈনিক বাংলা থেকে সায়েদাবাদ পর্যন্ত এবং এয়ারপোর্ট থেকে মহাখালী হয়ে মগবাজার থেকে সায়েদাবাদ পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাস চলতে পারে।
বিকেল পাঁচটা পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) বিকেল থেকে মোবাইল ব্যাংকিংয়ে সব ধরনের লেনদেন বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।
নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা গতকাল সোমবার মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। তবে বেলা তিনটায় কেন্দ্রীয় ব্যাংক প্রথম দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার টাকা পর্যন্ত স্থানান্তরের সীমা বেঁধে দিয়েছিল। পরে বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করে সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধেই সেবাটি বন্ধ করা হয়েছে।’
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ যাতে সিটি নির্বাচনে ভোটারদের অর্থ বিলাতে না পারে, সে জন্যই এ সেবাটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে।
সূত্র বলেছে, একজন মেয়র পদপ্রার্থী প্রকাশ্যে অভিযোগ করেছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোটারদের অর্থ প্রদান করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে জরুরি ভিত্তিতে জানানো হয়, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সেবাটির বিষয়ে সিদ্ধান্ত নিতেও অনুরোধ করা হয়।
এ অবস্থায় বেলা দুইটায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের এক নির্দেশে মঙ্গলবার পর্যন্ত সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ব্যক্তি হতে ব্যক্তি, মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল টপ আপের লেনদেনসীমা সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। এরপর বিকেল পাঁচটায় নতুন করে নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধক্রমে এখন থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশে কর্মরত সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করা হলো।
বর্তমানে ২০টি ব্যাংক এ সেবা দিচ্ছে। আর মার্চ পর্যন্ত হিসাবে ৫ লাখ ৩৩ হাজার ৪৮৫ এজেন্টের মাধ্যমে ১ কোটি ৮ লাখ গ্রাহক এ সেবাটি নিচ্ছেন।