আজ কুমিল্লা শহরে বিএনপির আধা বেলা হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির দুই পক্ষ আলাদা কর্মসূচির ডাক দিয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বাধীন অংশ আজ বৃহস্পতিবার শহরে আধা বেলা হরতাল আহ্বান করেছে। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মনিরুল হক দলীয় কার্যালয়ে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিয়েছেন। উভয় পক্ষের নেতা-কর্মীরা কর্মসূচি সফল করার জন্য গতকাল বুধবার দিনভর নগরে লিফলেট বিতরণ, মাইকিং ও মিছিল করে। দুই পক্ষের ওই কর্মসূচির কারণে দলের তৃণমূলের নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। জানতে চাইলে মেয়র মো. মনিরুল হক বলেন, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তির দাবিতে ১৭ জানুয়ারি টাউন হলে আমরাই প্রথম সমাবেশ করি। আজ বৃহস্পতিবার প্রতীকী অনশন এবং ৩১ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে মহাসমাবেশ করা হবে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়েই আমরা মহাসচিবের মুক্তির আন্দোলন করছি।’ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ বলেন, ‘নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার আমরা জেলাজুড়ে লিফলেট বিতরণ করি। একই সঙ্গে মহাসচিবের মুক্তির জন্য আগামীকাল (আজ বৃহস্পতিবার) হরতালের ডাক দিয়েছি।’ ২০০৯ সাল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে দুটি ধারা চলছে। মূলধারার নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মনিরুল হক। দুর্গাপুরে হরতাল আজনেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সাবেক সাংসদ জালাল তালুকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার উপজেলায় আধা বেলা হরতাল ডাকা হয়েছে। ‘জালাল তালুকদার হত্যা প্রতিবাদ পরিষদ’ এই হরতালের ডাক দেয়। জালালের ছেলে শাহ কুতুব উদ্দিন রুয়েল জানান, দুর্গাপুরের সব ব্যবসায়ী, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ করেই হরতাল ডাকা হয়েছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর সাবেক সাংসদ জালাল তালুকদার শয়নকক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।