আজ কুমিল্লা সিটি মেয়রের শপথ
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। কুমিল্লা সিটি করপোরেশনের সচিব ছামসুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সিটি মেয়র মনিরুল হককে শপথবাক্য পাঠ করাবেন। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন।গত ৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে অংশ নিয়ে মনিরুল হক আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। মনিরুল হক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেন।