আজ কুমিল্লার দুটি উপজেলায় ইউপি নির্বাচন
আজ বুধবার কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আদর্শ সদর উপজেলার ছয়টি এবং বুড়িচং উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। আদর্শ সদর উপজেলার আমড়াতলী, পাঁচথুবী, জগন্নাথপুর, কালিরবাজার, দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে নির্বাচন হবে। অন্যদিকে বুড়িচংয়ের ময়নামতি, মোকাম, বাকশীমূল, ষোলনল, রাজাপুর, পীরযাত্রাপুর ও বুড়িচং সদর ইউনিয়নে নির্বাচন হবে।বরুড়া ও সদর দক্ষিণে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বরুড়া উপজেলার নয়টি ইউনিয়নেরই ফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে একটির ফল প্রকাশ হয়নি। গত রোববার এ দুই উপজেলায় নির্বাচন হয়। নির্বাচন অফিস সূত্র জানায়, বরুড়ায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন: আদ্রা ইউনিয়নে মো. ফজলুল হক, আড্ডায় মো. জাকির হোসেন, ঝলমে মো. ইয়াছিন মিয়াজী, ভবানীপুরে সৈয়দ রেজাউল হক, পয়ালগাছায় সৈয়দ জসিম উদ্দিন, আগানগরে মাজহারুল ইসলাম, চিতড্ডায় মনিরুজ্জামান জামাল, লক্ষ্মীপুরে আনোয়ারুল ইসলাম ও খোশবাস ইউনিয়নে জাকির হোসেন। অন্যদিকে সদর দক্ষিণে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, চৌয়ারা ইউনিয়নে আহসান হাবিব, জোড়কানন পশ্চিমে মোস্তফা মোর্শেদ আহমেদ চৌধুরী, জোড়কানন পূর্বে মো. মমিনুল ইসলাম, বারপাড়ায় হুমায়ুন কবির, গলিয়ারায় মো. জহিরুল ইসলাম ও পেরুল দক্ষিণে মো. গোলাম সরওয়ার মজুমদার। পেরুল উত্তর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরে ওই কেন্দ্রে নির্বাচন হবে বলে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান জানিয়েছেন।