আজ কুলিয়ারচরে বসছে বিশ্বের বৃহৎ বিজ্ঞান ক্লাস
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ বসছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানবিষয়ক ব্যবহারিক ক্লাস। ওই ক্লাসে একসঙ্গে ৩ হাজার ২০০ শিক্ষার্থীর অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, আয়োজনটি সফল হলে অস্ট্রেলিয়াকে সরিয়ে এটি হবে নতুন গিনেস বিশ্ব রেকর্ড।
কুইন্সল্যান্ডে গত বছরের ১৬ আগস্ট একসঙ্গে ২ হাজার ৯০০ শিক্ষার্থীকে বিজ্ঞানবিষয়ক পাঠদান দিয়ে গিনেস বিশ্ব রেকর্ড বুকে স্থান করে নেয় অস্ট্রেলিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, আয়োজনটি হবে স্কুলপর্যায়ে ও দিনব্যাপী। ক্লাস বসবে থানার মাঠে। অংশ নেবে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। মূল ভাবনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি বিনতে সালামের।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উর্মি বিনতে সালাম পুরো বিষয়টি উল্লেখ করে গত বছরের ৪ অক্টোবর গিনেস বিশ্ব রেকর্ড বুক কমিটির কাছে আবেদন পাঠান। কমিটি ইতিবাচক জবাব পাঠায় ১৪ নভেম্বর।
আজকের আয়োজনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তাঁকে সহযোগিতা করবেন বিজ্ঞান ও আইসিটি-বিষয়ক ৮০ জন শিক্ষক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়েরপ্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে আয়োজনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ নাজমুল হাসান।
গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, থানার মাঠে ২৪৬ ফুট দীর্ঘ এবং ১৭২ ফুট প্রস্থের বিশাল প্যান্ডেলের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। প্যান্ডেলের ভেতরে ৮০০ বেঞ্চ বসানো হয়েছে। প্রস্তুতি কাজে অংশ নেওয়া বেগম নুরুন্নাহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাত্রি বর্মণ জানায়, ইতিহাসের অংশ হতে সে কাজ করছে। টানা চার দিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। তিনি বলেন, এরই মধ্যে আয়োজনটি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
মাঠে কথা হয় ইউএনও উর্মি বিনতে সালামের সঙ্গে। বললেন, ‘আমার বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গিনেস বুক সম্পর্কে ধারণা জন্মাবে।’