আজ কুয়াকাটায় যাচ্ছেন পর্যটনমন্ত্রী
কুয়াকাটায় পর্যটনশিল্পের বিকাশে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) গ্রহণ করা হলেও তা এখনো পর্যন্ত অনুমোদিত হয়নি। পরিপূর্ণ সুযোগ-সুবিধা না থাকায় পিছিয়ে রয়েছে পর্যটননগর কুয়াকাটা।
এ অবস্থায় আজ শনিবার কুয়াকাটায় দুই দিনের সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি কুয়াকাটায় ওয়াচ টাওয়ার নির্মাণের স্থানসহ আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখবেন এবং হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন।
পর্যটনমন্ত্রীর আগমন উপলক্ষে কুয়াকাটার ব্যবসায়ীসহ স্থানীয় ব্যক্তিদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। বিশ্বে একমাত্র কুয়াকাটার সমুদ্রসৈকত থেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যায়।
সরকার কুয়াকাটায় পর্যটনশিল্প বিকাশে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ২০১০ সালের ১৯ মে মহাপরিকল্পনা তৈরির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে শেলেটক্ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। কলাপাড়া উপজেলার ৭ নম্বর লতাচাপলী এবং ৯ নম্বর ধূলাসার ইউনিয়নের অন্তর্ভুক্ত লতাচাপলী, গঙ্গামতি, কাউয়ারচর ও চরচাপালী এই চারটি মৌজা মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, এখানে ৫০টির মতো ছোট-বড় হোটেল-মোটেল রয়েছে। মহাপরিকল্পনা অনুমোদনে দেরি হচ্ছে। এ কারণে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জমি বেচাকেনাও হচ্ছে না। এই অবস্থায় বড় বড় বিনিয়োগকারী এখানে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ব্যাহত হচ্ছে উন্নয়ন। তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকে কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন দাবি তুলে ধরবেন তাঁরা।
তাঁদের দাবির মধ্যে রয়েছে দ্রুত মহাপরিকল্পনা অনুমোদনসহ ঢাকার সঙ্গে কুয়াকাটার সড়ক ও নৌপথে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সৈকতে মেরিন ড্রাইভ নির্মাণ, প্রশিক্ষিত ডুবুরি রাখার ব্যবস্থা, পর্যটকদের জন্য পার্ক নির্মাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সৈকতে মঞ্চ নির্মাণ এবং কুয়াকাটা থেকে সুন্দরবন, ফাতরার বন, সোনার চর এবং গঙ্গামতি ভ্রমণের জন্য জাহাজের ব্যবস্থা করা। এ ছাড়া তাঁরা আরও কিছু দাবি মন্ত্রীর কাছে তুলে ধরবেন।