আজ কূটনীতিকদের পরিস্থিতি ব্যাখ্যা করবে সরকার
দশম জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার সম্পর্কে বিদেশিদের কাছে অবস্থান তুলে ধরবে সরকার। এ জন্য আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি অবহিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ১০ দিন পর আজ কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উপস্থিত থাকবেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।
মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, নির্বাচনের পরদিন (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকে মূল ধরে অবস্থানপত্র তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প ছিল না, সে কথাই কূটনীতিকদের জানানো হবে। এ ছাড়া জামায়াতের সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, প্রধানমন্ত্রীর এই মনোভাবের কথা আবারও তুলে ধরা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ভোট গ্রহণের আগেই অর্ধেকের বেশি প্রতিনিধি নির্বাচিত হওয়া, ভোটার উপস্থিতি কম থাকা এবং নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ে। জাতিসংঘ, কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কিছু দেশ এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। অবশ্য নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথা বলেছে। ভারত, চীন, রাশিয়াসহ কয়েকটি দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।