আজ কেরানীগঞ্জ গণহত্যা দিবস
আজ ২ এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জে হামলা চালিয়ে নির্বিচারে প্রায় পাঁচ হাজার নিরীহ মানুষকে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, জালিয়ে দেয় অসংখ্য ঘরবাড়ি। তখন কেরানীগঞ্জ পরিণত হয় রক্তাক্ত জনপদে। সেই দিন কেরানীগঞ্জের জিঞ্জিরা, কালীগঞ্জ, নজরগঞ্জ, শুভাঢ্যা, ভাংনা, আগানগর, নেকরোজবাগ, পটকাজোর, কালিন্দীসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলে পাকিস্তানি সেনাদের দ্বারা হত্যাযজ্ঞ। এতে শহীদ হন প্রায় পাঁচ হাজার নারী-শিশু-পুরুষ।নজরগঞ্জ এলাকার যুদ্ধাহত মোস্তাক হোসেন বলেন, ওই দিন পাকিস্তানি সেনারা ঘুমন্ত কেরানীগঞ্জবাসীর ওপর কাকডাকা ভোর থেকে সকাল আটটা পর্যন্ত অতর্কিত গুলিবর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ হত্যাযজ্ঞ চালায়।তৎকালীন ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মহসীন মন্টু বলেন, একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ করলে তখন রাজধানী ঢাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য কেরানীগঞ্জে এসে অবস্থান নেয়। কেরানীগঞ্জবাসী তখন আশ্রয় গ্রহণকারী মানুষকে থাকার ব্যবস্থা ও তাদের খাবার দিয়ে সাহায্য করেছিল। এই সংবাদ পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পেরে পরিকল্পিতভাবে ২ এপ্রিল ভোররাতে কেরানীগঞ্জে হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে।প্রতিবছর ২ এপ্রিল দিনটিকে কেরানীগঞ্জবাসী শহীদদের সঞ্চরণে গণহত্যা দিবস হিসেবে পালন করছে। দিবসটিতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।