আজ কোজাগরী লক্ষ্মীপূজা
আজ সোমবার কোজাগরী লক্ষ্মীপূজা। এটি বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়। এই পূর্ণিমাকেই বলা হয় কোজাগরী। সে জন্য এই পূজাকে বলা হয় কোজাগরী লক্ষ্মীপূজা।
সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী লক্ষ্মী হচ্ছেন ধনদৌলত ও সমৃদ্ধির দেবী। সেই কারণে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে পূজিত হন তিনি। বার্ষিক এই পূজা ছাড়াও প্রতি বৃহস্পতিবার বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা হয়।
আজ সন্ধ্যায় (পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হলে) অনুষ্ঠিত হবে লক্ষ্মীপূজা। এই পূজায় সাধারণভাবে মৌসুমি ফলমূল, নানাবিধ মিষ্টি সামগ্রী ও নারকেলের নাড়ু দেওয়া হয়। ফুলের মধ্যে জলপদ্ম, স্থলপদ্ম, শিউলি ব্যবহার করা হয়।
অনেকে লক্ষ্মীপূজায় খিচুড়ি, ইলিশ ভাজা এবং নারকেলের দুধ ও আখের গুড়ের পায়েসও দিয়ে থাকেন। এই পূজা প্রতি ঘরে অনুষ্ঠিত হয় বলে আনন্দ-উল্লাসও হয় বেশি।