আজ ক্যানসার সচেতনতার সড়কযাত্রা
ক্যানসার সচেতনতার সড়কযাত্রা শুরু আজ। ক্যানসার-আক্রান্ত রোগীদের খুঁজে বের করে চিকিৎসা দেবে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর)। এই উদ্দেশ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে উদ্বোধন ও মতবিনিময় সভায় এই সড়কযাত্রার উদ্বোধন করা হয়।
ক্যানসার সচেতনতার সড়কযাত্রার অংশ হিসেবে সিসিপিআর বছরজুড়ে ৪০টি জেলায় সচেতনতা কার্যক্রম চালাবে। কর্মসূচির শুরুতে আজ সকালে সংগঠনের সদস্যরা যাবেন উত্তরবঙ্গে। রাজশাহী অঞ্চলের আলুপট্টি থেকে জিরো পয়েন্টে হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সিসিপিআরের পরামর্শক মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, সিসিপিআর অন্যান্য সমমনা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করবে। তারা চায় রোগীরা খুঁজে খুঁজে ক্যানসার সেবাদানকারীর কাছে আসবে না। বরং সেবাদানকারীই রোগীকে খুঁজে বের করবে সেবা দেওয়ার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী ফরিদা পারভিন ও সামিনা চৌধুরী।