আজ ক্লাস শুরু নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৫ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
এদিকে গত ২ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ে আজ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন। আগামীকাল শহীদ ড. শামসুজ্জোহার সঞ্চরণে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং শিক্ষা বাণিজ্যিকীকরণ বিরোধী শপথবাক্য পাঠ্য কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শপথপাঠের পর নতুন কর্মসূচি দেবেন বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ৩ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। হামলায় বেশ কয়েকজন রাবার বুলেটবিদ্ধ হন। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে ৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।