বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন। গুলশানে তাঁর কার্যালয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় এই সংবাদ সম্মেলন হবে।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং তাঁর নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দাবি ও আন্দোলন কর্মসূচি নিয়ে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রগুলো জানায়, আজকের সংবাদ সম্মেলন থেকে নতুন ধরনের কর্মসূচি দেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন প্রতিহত করতে ভোটের দিন ‘গণকারফিউ’ দেওয়া হতে পারে। বিএনপির এক নেতা বলেছেন, গণকারফিউ হলো জনগণ ভোটের দিন ঘরে বসে থাকবে। তারা ভোটকেন্দ্রে যাবে না। এ ছাড়া নেতা-কর্মী ও সাধারণ জনগণকে মাঠে নামারও আহ্বান জানাবেন খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতা ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহ্বান জানানোর পাশাপাশি বিরোধী দলের দাবি মেনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানাতে পারেন। একই সঙ্গে নির্বাচনী কাজে এবং সরকারের কাজে সহযোগিতা না করতে সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ জনগণকে আহ্বান ও সেনাবাহিনীকে জনগণের মতের বিপক্ষে না দাঁড়ানোর জন্যও বলবেন তিনি।
বিএনপির চেয়ারপারসন তাঁর বক্তব্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি তুলে ধরবেন। সরকারের সদিচ্ছা থাকলে এখনো সব দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তিনি যুক্তি তুলে ধরবেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যের জবাব দেবেন তিনি।
এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিএনপির চেয়ারপারসন প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর তিনি আর জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে আসেননি। যদিও এ সময়ে তিনি নিজের বাসায় দেশি-বিদেশি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ বা বৈঠক করেছেন। বিভিন্ন সময়ে গুলশান কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।