আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন। বিকেল চারটায় গুলশানের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচনপরবর্তী সময়ে বিএনপি ও ১৯-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরবেন। তিনি গত এক মাসে খুন ও গুমের শিকার ব্যক্তিদের তালিকা দিতে পারেন। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া আজকের সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এটি খালেদা জিয়ার দ্বিতীয় সংবাদ সম্মেলন। এর আগে ১৫ জানুয়ারি তিনি এক সংবাদ সম্মেলন করে সরকারবিরোধী কর্মসূচি দেন। এরপর ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য দেন তিনি। এ ছাড়া ২৯ জানুয়ারি দশম সংসদ শুরুর দিন কালো পতাকা মিছিল ও সমাবেশ করার কর্মসূচি দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় সেই কর্মসূচি পালন করতে পারেনি দলটি।
কর্মসূচি করতে দিচ্ছে না সরকার: গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার তাঁদের কর্মসূচি করতে দিচ্ছে না। দুবার সময় পেছানোর পরও পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, এই হামলার পর প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মৌনতা অবলম্বন করেছেন। মনে হচ্ছে, তা তাঁদের পান্ডাদের কৃতিত্বে গর্ব অনুভব করছেন।