আজ খুলনায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার নৌকাবাইচের আনন্দে মাতবে খুলনাবাসী। রূপসা নদীতে বেলা দুইটায় শুরু হবে এ প্রতিযোগিতা।
গ্রামীণফোনের সহায়তায় এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে নদীর ১ নম্বর কাস্টমঘাট থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা শেখ আশরাফ উজ জামান জানান, এবার ৬৫ হাত থেকে ৯৬ হাত দৈর্ঘ্যের বড় নৌকা গ্রুপে অংশ নিচ্ছে ১৮টি নৌকা এবং ৩৯ হাত থেকে ৫০ হাত নৌকা গ্রুপে অংশ নিচ্ছে আটটি নৌকা। বড় নৌকায় ৮০ থেকে ১০০ জন মাল্লা এবং ছোট নৌকায় থাকবেন ৬০ থেকে ৬৫ জন। এসব নৌকা আসছে খুলনার বিভিন্ন উপজেলা এবং সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে।
আশরাফ উজ জামান বলেন, বাইচের পর রূপসা সেতুর পশ্চিম পাড়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর ও স্থানীয় শিল্পীরা।
নৌকাবাইচ আয়োজনের প্রধান সমন্বয়কারী খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, সব প্রস্তুতি শেষ। বাইচ শুরু হওয়ার আগে প্রতিযোগিতাস্থলের দুই প্রান্তে সব ধরনের জলযান চলাচল বন্ধ থাকবে। সেতুর ওপর নারী ও শিশু দর্শনার্থী ছাড়া কোনো পুরুষ উঠতে পারবে না। নদীর দুই পাড়ের পন্টুনে দর্শক নিয়ন্ত্রণে থাকবে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া নৌকাবাইচ চলাকালে রূপসা সেতুতে যানজট এড়াতে গল্লামারী-বটিয়াঘাটা সড়ক থেকে রূপসা সেতু পর্যন্ত এবং রূপসা ফেরিঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে।