আজ গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ থেকে গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার এই দুদিন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুদিনের সংলাপে গণমাধ্যমের ৭১ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আজ বুধবার বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে সংলাপ হবে। কাল বিভিন্ন টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নিয়ে নির্বাচনে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, ‘না’ ভোট প্রবর্তন করাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছিলেন।